জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মনু ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় আহত হয় ৮ জন, আটক করা হয় ১০ জনকে৷
স্থানীয় সূত্র জানায়, ওই বাড়ির মৃত কালা মিয়ার পুত্র ফজলুল হকের সাথে একই বাড়ির ইউসুফের দীর্ঘদিন থেকে সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে ইউফুফের স্ত্রী ফজর রানু ওরফে খুকু মনি চৌমুহনী থেকে ভাড়াটে একদল সন্ত্রাসী নিয়ে ফজলুল হকদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসত ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে এবং খড়ের সিনে আগুন ধরিয় দেন। সন্ত্রাসীদের বাঁধা দেওয়ায় তারা পিটিয়ে ও কুপিয়ে ফজলুল হকসহ অন্তত ৮ জনকে আহত করে। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এদিকে সন্ত্রাসীদের তান্ডব চলাচালে ভূক্তভোগীরা বেগমগঞ্জ থানা পুলিশকে কল করলে পুলিশ এসে সন্ত্রাসীদের থামাতে পারেনি। এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসী একত্রিত হয়ে পুলিশসহ সন্ত্রাসীদের ঘেরাও করে রাখে। খবর পেয়ে মাইজদী থেকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে ইউফুফের স্ত্রী খুকু মনি ও তাদের মেয়ে ইসমত আরা পিংকিসহ ১০ জনকে আটক করে থানায় সোপর্দ করে। এ সময় তাদের ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, ইউফুফের স্ত্রী খুকু মনি ও তার মেয়ে পিংকির নানামূখী অত্যাচারে অতিষ্ঠ বাড়ির লোকজনসহ এলাকাবাসী। পিংকিকে চৌমুহনীর গনিপুর বিয়ে দেওয়ায় প্রায় সময় পিংকির স্বামী নাছির উদ্দিন ওই এলাকায় ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করে।
এসব সন্ত্রাসীদের উপযুক্ত বিচার দাবী করেছে ভূক্তভোগী ফজলুল হকের পরিবার ও এলাকাবাসী।
পুলিশ হেফাজাতে থানায় অভিযুক্ত কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পুলিশের সংখ্যা কম থাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি। পরে সেনা বাহিনীর সহযোগীতায় হামলাকারীদের আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.