
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাওড়ীর বানিপুর এলাকায় এলডিপি কর্মীর বাবার দোকানে বিএনপি ও আওয়ামী লীগের ক্যাডাররা যৌথভাবে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬ইং) রাত আনুমানিক ১১টার দিকে এলডিপির কর্মী জসিম উদ্দিন এর বাবার দোকানে ক্যাডাররা দোকানের মালামাল লুটপাট করে এবং পরে আগুন লাগিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী আবদুল মানিক জানান, তিনি পাশের দোকানে রাতে ছিলেন। হঠাত শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে দোকানের জানালা খুলে দেখেন যে, এলাকার বিএনপি ও আওয়ামী লীগের ক্যাডাররা রুহুল আমিনের দোকানের জানালা ভেঙ্গে ঢুকে মালামাল বের করে দোকানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ক্যাডাররা মালামাল নিয়ে চলে যায়। তিনি সাথে সাথে রুহুল আমিনকে মোবাইলে জানান এবং ফায়ার সার্ভিসে ফোন করেন। তার বাবা আসার আগেই দোকান পুড়ে যায়।
জানা গেছে, জসিম উদ্দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরিবারের দাবি, রাজনৈতিক এই পরিচয়ের কারণেই রাজনৈতিক প্রতিহিংসায় দীর্ঘদিন ধরে বিভিন্ন দলের কর্মীরা তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল। শুক্রবারের এই পরিকল্পিত হামলা সেই প্রতিহিংসারই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে।
জসিম উদ্দিন এর বাবা রুহুল আমিন জানান, এ বিষয়ে তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ কোনো মামলা গ্রহন করে নাই। বর্তমানে সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন জসিম উদ্দিন এর পরিবারের সদস্যরা।
এলাকায় এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন।