

জাতীয় নিশান প্রতিবেদক: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সোনাইমুড়ী ৫ নং অম্বরনগর ইউনিয়ন ইউনিটের প্রচার সম্পাদক মো. ফয়েজ উল্লা ঢাকার মতিঝিল আরামবাগ এলাকায় হামলা ও অপহরনের চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
জানা গেছে, গতকাল ১৫ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে এক আত্মীয়ের বাসার বাইরে গেলে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে হকি স্টিক ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। হামলায় তাঁর মাথা, কাঁধ ও হাতে আঘাত লাগে। এক পর্যায়ে হামলাকারীরা তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মোটরসাইকেলের গরম সাইলেন্সার দিয়ে তাঁর ডান হাতের বাহু ও ডান চোখের পাশের অংশ পুড়িয়ে দেন বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফয়েজ উল্লা নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।