জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সম্প্রতি সাপের উপদ্রব বেড়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিষধর সাপ, বিশেষ করে পদ্ম গোখরার উপস্থিতি দেখা যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। প্রশাসনিক ভবন, মেডিকেল সেন্টার, গবেষণাগার, একাডেমিক ভবন-৩, কেন্দ্রীয় খেলার মাঠ, কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা এবং আবাসিক হলগুলোর আশপাশে একাধিকবার সাপের দেখা মিলেছে। এতে সন্ধ্যার পর ক্যাম্পাসে চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোতে সাপের উপদ্রব অত্যন্ত উদ্বেগজনক। আবাসিক হল শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়স্থল হলেও সেখানে সাপের উপস্থিতি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের প্রতিনিয়ত অজানা ভয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে। আমরা চাই, প্রশাসন অবিলম্বে পুরো ক্যাম্পাস ও হল প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুক এবং মেডিকেল সেন্টারে জরুরি অ্যান্টিভেনমের ব্যবস্থা নিশ্চিত করুক। শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন”
একই বিভাগের আরেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিহাদ বলেন, “গত কয়েক দিনে ক্যাম্পাসে বেশ কয়েকটি বিষধর গোখরা সাপের দেখা মেলায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, মসজিদের সামনের অংশ ও জুলাই হলের আশপাশের ঝোপঝাড় থেকে এসব সাপের আগমন ঘটছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার এবং সাপের উপস্থিতি রোধে প্রয়োজনীয় নিরাপদ ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি, হঠাৎ একই সময়ে এতগুলো সাপের দেখা মেলার কারণও অনুসন্ধান করা প্রয়োজন।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি আমি অবগত। ক্যাম্পাসের ঝোপঝাড়গুলো পরিষ্কার করার নির্দেশনা দিয়েছি। এ ছাড়া অতিদ্রুত অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.