মোঃ আলাউদ্দিন :
লক্ষ্মীপুরে নিখোঁজ হওয়ার আট দিন পর কলেজছাত্র ফজলে রাব্বি বাবু (২১)-এর হাত ও পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শনিবার (তারিখ) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাঘ গ্রামের শেখের বাড়ির এক প্রবাসীর টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
নিহত ফজলে রাব্বি বাবু সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার একটি এলাকা থেকে সাহেদ নামের একজনকে আটক করেছে। আটক সাহেদ স্থানীয় বাসারের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি সন্ধ্যার পর থেকে ফজলে রাব্বি বাবু নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও পুলিশের সহায়তা নেওয়া হলেও তার সন্ধান মেলেনি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শেখের বাড়ির একটি টয়লেটের ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর দুই দিন আগে ঘটনাস্থলের পাশের একটি বাগান থেকে রক্তাক্ত কিছু আলামত উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রায়হান কাজেমী বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যা মামলা প্রস্তুতির পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং নিহতের মোটরসাইকেল উদ্ধারে কাজ করছি।
মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.