প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
নোয়াখালীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তার প্রবাসী ভাই নজরুল ইসলামসহ সমাজের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বাহাদুরপুর জামে মসজিদ প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জানানো হয়, ওই এলাকার মাহফুজর রহমান জামসেদ ওরফে চেনি জামসেদ পরিকল্পিত ভাবে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সমাজের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করছেন। এছাড়া সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এলাকায় বিশৃংখল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। শুধু এলাকাবাসী নয়, জামসেদ তার আপন ছোট ভাই নেদারল্যান্ড প্রবাসী মোরশেদুর রহমানকে হুমকি-ধমকি দিচ্ছে দেশে আসলে তার উপরে হামলা চালাবে এবং জায়গা জমি দখল করে নিবে।
স্থানীয়রা অবিলম্বে এ ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচার বন্ধের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এ সময় সমাজসেবক মোঃ সোলাইমানসহ অনেকে বক্তব্য রাখেন।
অভিযুক্ত মাহফুজর রহমান জামসেদ অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমার ভাইদের সাথে বিরোধ রয়েছে। এ নিয়ে সমাজের লোকদের সাথে আমার ভাগ-বিতণ্ডা হয়।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.