প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
২৫ বছরের অভিজ্ঞতায় স্বশিক্ষাভিত্তিক পদ্ধতি উদ্ভাবন, আলোচনায় নোয়াখালীর শিক্ষক শংকর হাওলাদার

জাতীয় নিশান প্রতিবেদক:
ইংরেজি শেখাকে সহজ ও স্বনির্ভর করার লক্ষ্যে ‘Unveil The Mystery of English’ (ইংরেজি ভাষার রহস্য উম্মোচন) নামে একটি নতুন স্বশিক্ষাভিত্তিক পদ্ধতি উদ্ভাবন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শিক্ষক শংকর হাওলাদার।
দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও গবেষণাধর্মী কাজের ভিত্তিতে তিনি এ পদ্ধতি তৈরি করেছেন। বর্তমানে তিনি বেগমগঞ্জ উপজেলার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকার কল্যাণপুর ল্যাবরেটরি হাই স্কুলে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন।
শংকর হাওলাদারের দাবি, পরিকল্পিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাইভেট টিউটরের ওপর অতিরিক্ত নির্ভরতা ছাড়াই ইংরেজি শেখার দক্ষতা অর্জন করতে পারবে। তাঁর পদ্ধতিতে Basic & Advanced English Development, Vocabulary, Seven Days Micro-Working Plan, Skimming, Scanning, Translation & Re-translation এবং বাস্তবভিত্তিক ইংরেজি অনুশীলনের বিভিন্ন কৌশল রয়েছে।
তিনি বলেন, ইংরেজি শেখার মূল চাবিকাঠি মুখস্থ করা নয়; বরং নিয়মিত শোনা, বলা, পড়া ও লেখার সমন্বিত চর্চা। তাঁর লক্ষ্য শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর করে ভাষাটিকে বাস্তব জীবনে ব্যবহারের উপযোগী করে তোলা।
শংকর হাওলাদার মনে করেন, গবেষণা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাঁর উদ্ভাবিত পদ্ধতি দেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে প্রবীণ শিক্ষাবিদ ডি.কে হালদার জানান, শংকর হাওলাদার আমার ছাত্র ছিলো। তার মধ্যে ছোটকাল থেকেই ইংরেজি শিক্ষার প্রতি বিশেষ আগ্রহ দেখেছি। এখন সে ইংরেজি শিক্ষার যে পদ্ধতি উদ্ভাবন করেছে তা সঠিক ভাবে কাজে লাগাতে পারলে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। এ জন্য দরকার সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.