জাতীয় নিশান প্রতিবেদক: বিদেশফেরত বা প্রত্যাগত অভিবাসী কর্মীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং টেকসই পুনরেকত্রীকরণের লক্ষ্যে নোয়াখালীতে মোটরযান চালনা প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর সহযোগিতায় বিআরটিসি সোনাপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে এক মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে ১৫ জন বিদেশফেরত রিটার্ণি অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রাজু মোল্লা, ম্যানেজার (অপারেশন), বিআরটিসি সোনাপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, নোয়াখালী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. নুরুজ্জামান, প্রশাসন ইনচার্জ, বিআরটিসি সোনাপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, নোয়াখালী।
অনুষ্ঠানের শুরুতে মো. মাসুদ রানা, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নোয়াখালী, শুভেচ্ছা বক্তব্য দেন এবং অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব পরিচালনা করেন। তিনি ব্র্যাকের ‘Reintegration of Migrant Workers in Bangladesh’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সংক্ষেপে তুলে ধরেন। তিনি বলেন, বিদেশফেরত রিটার্ণিরা যেন দেশে ফিরে দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন করে কর্মজীবনে যুক্ত হতে পারেন এবং সমাজ ও অর্থনীতিতে কার্যকরভাবে অবদান রাখতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বিদেশফেরত কর্মীদের টেকসইভাবে পুনরেকত্রীকরণে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. রাজু মোল্লা ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, শিক্ষিত ও দক্ষ মানুষ পরিবহন খাতে এগিয়ে এলে এ খাতকে ঘিরে থাকা নেতিবাচক ধারণা দূর করা সম্ভব হবে। তিনি মোটরযান চালনা প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে বিদেশফেরত কর্মীরা দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সে বিষয়ে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দীর্ঘদিন ধরে নিরাপদ অভিবাসন, বিদেশফেরত কর্মীদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, কাউন্সেলিং, রেফারেল সেবা এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণে সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় ‘Reintegration of Migrant Workers in Bangladesh’ প্রকল্পের আওতায় বিদেশফেরত অভিবাসীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানের শেষে মো. রাজু মোল্লা প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী বিদেশফেরত রিটার্ণিরা মোটরযান চালনায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে দেশে নতুন কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.