জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বন কর্মকর্তা এএসএম সামছুদ্দিন আহমেদকে অপপ্রচার ও মিথ্যা তথ্যের ভিত্তিতে অন্যত্র বদলি করা হয়েছে। কিছু চাঁদাবাজ কথিত সাংবাদিকদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বন কর্মকর্তা তাদের রোষানলে পড়েন। পরবর্তীতে চক্রটি ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে দূর্নীতি দমন কমিশন(দুদক), বন বিভাগসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে বন বিভাগের উর্ধতন কর্মকর্তাদের ভূল বুঝিয়ে উপজেলা বন কর্মকর্তা এএসএম শামছুদ্দিন আহমেদ বদলি করতে উদ্বৃদ্ধ করে।
অনুসন্ধানে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা বন কর্মকর্তা শামছুদ্দিন দীর্ঘদিন থেকে সুনামের সাথে দায়ীত্ব ও কর্তব্য পালন করে আসছেন। তিনি বেগমগঞ্জে যোগদানের পর থেকে উপজেলার বন বিভাগে বৈপ্লবিক পরিবর্তন আসে। সামাজিক বনায়ন, বন্য প্রাণী উদ্ধার, সংরক্ষণ, বন বিভাগের স্বার্থ রক্ষায় তিনি নিরলস ভাবে কাজ করেন। যার ফলশ্রুতিতে একাধিকবার তিনি জাতীয় পুরস্কার অর্জন করেন। সম্প্রতি কিছু চাঁদাবাজ কথিত সাংবাদিকদের একটি চক্র অনৈতিক ভাবে বন কর্মকর্তা শামছুদ্দিনের কাছে মোটা অংকের টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় চক্রটি শামছুদ্দিনের বিরুদ্ধে বন বিভাগসহ বিভিন্ন দপ্তরে নানা ভাবে অপপ্রচার করতে থাকেন। এরি অংশ হিসেবে চক্রটি নিজেদের নাম পরিচয় গোপন রেখে সম্প্রতি বন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্নীতির কল্প কাহিনী সাজিয়ে বেমগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ বাজারের মমিনুল ইসলাম পূজনের নাম ব্যবহার করে নোয়াখালী দুদক বরাবর একটি দরখান্ত করেন। যা বিগত ৯-৮-২০২৬ইং তারিখে দুদক নোয়াখালী কার্যলয় রিসিভ করে। কথিত এই দরখাস্তে পত্র প্রেরকের কোন মোবাইল নাম্বার নেই। সরেজমিন গিয়ে উল্লেখিত ঠিকানায় দরখাস্তকারীকেও পাওয়া যায়নি।
দুদকের রিসিভ করা দরখাস্তটিকে বন কর্মকর্তা সামছুদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে ও তদন্ত কার্যক্রম চলছে উল্লেখ করে চক্রটি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে তা বন বিভাগ সহ বিভিন্ন দপ্তরে পাঠায়। উক্ত মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রকাশ করা সংবাদে বিভ্রান্ত হয়ে বন বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ শামছুদ্দিনকে বরিশালে বদলি করেন। যা অত্যান্ত অনভিপ্রেত।
এদিকে অনুসন্ধানে আরো জানা যায়, চক্রটি শুধু বেগমগঞ্জ বন কর্মকর্তা শামছুদ্দিন নয়, উপজেলা নির্বাচন অফিস, পিআইও অফিস, শিক্ষা অফিস, মৎস্য অফিস, এলজিইডি অফিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে মাসিক নিয়মিত চাঁদা দাবি করে আসছে। এ নিয়ে উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারীরা ক্ষুব্দ। তাদের বিভিন্ন সময়ের টাকা দাবি ও হুমকির কারণে বন কর্মকর্তা সামছুদ্দিন বেগমগঞ্জ মডেল থানায় জিডি করেন। যার নং-১১৮, তাং-২-৭-২০২৬ইং। এরপর ক্ষিপ্ত হয়ে চক্রটি শামছুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ভূল তথ্য দিয়ে বন বিভাগের উর্ধনত কর্মকর্তাদের বিভ্রান্ত করে বদলিতে বাধ্য করে। অথচ সঠিক অভিযোগকারী না থাকলে কোন দরখাস্ত তদন্ত করার বিধান নেই।
এদিকে বেগমগঞ্জ উপজেলার একাধিক উপকারভোগি জানান, বন কর্মকর্তা শামছুদ্দিনের আমলে সামাজিক বনায়নের যে উন্নতি হয়েছে , তা আগে কখনো হয়নি। বিগত সময়ে তিনি আন্তরিকতার সহিত কাজ করায় সজুব হয়েছে বেগমগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়ক। উপকারভোগিরা তাদের ন্যার্য পাওনাও পেয়েছেন ঠিক মতো। তিনি অর্জন করেছেন সরকার থেকে একাধিক পদক।
বন কর্মকর্তা এএসএম শামছুদ্দিন জানান, আমি অনেকটা অসুস্থ, হার্টের রোগি। চাকরি আছে আর মাত্র দুই বছর। বিষয়টি যেন কর্তৃপক্ষ মানবিক বিবেচনা করে। তাছাড়া যে অভিযোগে আমাকে এখান থেকে বদলি করা হয়েছে, তাও সত্য নয়, আমার বিরুদ্ধে দুদকে কোন মামলা নেই, কোন অভিযোগ নেই। আমি কোন অনিয়ম, দূর্নীতির সাথে জড়িত নয়।
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সভায় কথিত এসব সাংবাদিকের বিরুদ্ধে শতর্ক থাকতে সবাইকে অনুরোধ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন, তারা যদি অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত হয়, তাহলে বিষয়টি দু:খজনক। তিনি বলেন, বেগমগঞ্জ বন কর্মকর্তা সরকারের বনায়ন কার্যক্রম সুন্দর ভাবে করলেও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা দু:খজনক।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান জানান, উপজেলা বন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ দেখি। কিন্তু দু:খজনক হলেও সত্যি যে, ওই কর্মকর্তাকে তার দায়িত্ব সঠিক ভাবেই পালন করতে দেখেছি। উপজেলার বন সেক্টরে তার কোন অনিয়ম এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি।
দুর্নীতি দমন কমিশন(দুদক) নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক ফারুক আহমেদ জানান, বেগমগঞ্জের বন কর্মকর্তা শামছুদ্দিনের বিরুদ্ধে দুদকে কোন মামলা নেই, উনার বিরুদ্ধে কোন তদন্ত কার্যক্রমও চলমান নেই।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.