জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মুহুরীগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর দোকান তালাবদ্ধ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর নাম আরাফাত শামীম। পেশায় একজন মুদি ব্যবসায়ী হলেও তাঁর নেশা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলবাদীদের বিরুদ্ধে লেখালেখি করা।
বিশেষ করে মহিলাদের ওপর চাপিয়ে দেওয়া কুসংস্কার, বাল্যবিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গান করা, মাদ্রাসার ছোট ছোট ছেলে-মেয়েদের দিয়ে সাহায্য চাওয়া, আর টাকার বিনিময়ে মাহফিল করা, মাদ্রাসার ছোট বাচ্চাদের ধর্ষণ করা—এসবের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে লেখালেখি করতেন।
সচেতন মহল জানান, এই মুক্তচিন্তার লেখালেখির কারণে স্থানীয় একটি মৌলবাদী গোষ্ঠী তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে যায়। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রথমে তারা দোকানে হামলা করার চেষ্টা করে। তারপর তাঁকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাঁর পরিবারকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
একটি পরিবারের কথা ভেবে তিনি স্ত্রী-সন্তানসহ বসতবাড়ি ছাড়তে বাধ্য হন। এমনকি তাঁর মা-বাবাও তাঁকে বাড়িতে না আসার নির্দেশ দেন।
ভুক্তভোগী এই প্রতিবেদককে জানান, প্রশাসনের কাছে অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি। জীবনের নিরাপত্তা না পেয়ে পরে তিনি হতাশ হয়ে পড়েন।
ভুক্তভোগী বলেন, "আমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে লেখালেখি করেছি বলে আমি আজ ঘরছাড়া। আমি আমার পরিবার ও সন্তান নিয়ে নিরাপদে বাঁচতে চাই।"
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.