
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে মাইজদী শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে নোয়াখালী প্রেসক্লাব পর্যন্ত প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমান অধিকার প্রতিষ্ঠা এবং অনলাইন ও বাস্তব জীবনে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ৩৫টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, নারী, যুব ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি সমাজের গভীর সমস্যা। নির্যাতনের শিকার হওয়ার পরও অনেক নারী সামাজিক অপমান, ভয়ভীতি ও বিচার পেতে দীর্ঘসূত্রতার শিকার হন। নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধী যে-ই হোক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের ওপর হামলা, হুমকি ও অপমান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার ও চরিত্রহননের মাধ্যমে তাদের কণ্ঠরোধের চেষ্টা বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনায় রাজনৈতিক দলগুলোকে নিজেদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অনলাইন হয়রানির অভিযোগ গ্রহণ, দ্রুত তদন্ত এবং ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
নারী নির্যাতন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন বক্তারা। এ ছাড়া নারীর প্রতি অসম্মান, বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে তরুণদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, সাবেক সভাপতি ও উদীচী নোয়াখালীর সহসভাপতি লায়লা পারভীন, হ্যালো উইমেনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুন্নি, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, নিজেরা করি-এর অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এফপিএবির জেলা কর্মকর্তা পংকজ চাকমা, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন এবং হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার। প্রথম আলো বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন প্রানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী অধিকারকর্মী নুরজাহান রিনি।