
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়খালী জেলায় সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের অগ্রগতি গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে জেলা প্রশাসক এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মোসাম্মাদ জোহরা খাতুন, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন বিতরণ কুমিল্লা অঞ্চল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রকৌ. শেখ ফিরোজ কবির।সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক মুহাম্মাদ শফিকুল ইসলাম। আলোচনার শুরুতেই বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, চৌমুহনী দপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ. মো: শাহাদাত ইসলাম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সার্বিক বিদ্যুৎ চিত্র ও জাতীয় রুপটপ সোলার সিস্টেম বাস্তবায়নের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। আলোচনা সভায় টেকসই ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের সংযোগ বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে নেট মিটারিং সোলার সিস্টেম স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বিদ্যুতের চাহিদা পূরণ, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌরশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহক পর্যায়ে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপও কমানো সম্ভব। সরকারি বেসরকারি বিভিন্ন ভবনে সোলার সিস্টেম স্থাপনের বিভিন্ন মডেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রাহক, সার্ভিস প্রোভাইডার ও ইউটিলিটি কিভাবে সমন্নয় করে কাজ করবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব CAPEX, OPEX মডেলের ভিন্ন সুবিধা তুলে ধরেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশল নোয়াখালী জেলার বিভিন্ন মসজিদ ও স্কুলে সোলার প্যানেল স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। সভায় প্রধান অতিথি নোয়াখালী জেলার সার্বিক বিদ্যুৎ ব্যবস্থা ও নেট মিটারিং সোলার সিস্টেম স্থাপনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন, এবং সরকারি বেসরকারি পর্যায়ে সোলার স্থাপনের ভবিষ্যৎ ও সরকারের জাতীয় রুফটপ সোলার কৌশলপত্র বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। ক্রমবর্ধমান চাহিদা ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সোলার সিস্টেম তথা নবায়নযোগ্য জ্বালানি বিকল্প নাই বলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট ভূমিকা পালনের গুরুত্ব আলোচনা করে সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম সভার সমাপ্তি ঘোষণা করেন। এ সময় বিদ্যুৎ বিভাগের উপসচিব, জেলা পর্যায়ের দপ্তর প্রধানগণ, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নোয়াখালী ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্তিত ছিলেন …..