
জাতীয় নিশান প্রদিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর এলাকায় সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে স্বতন্ত্র নির্বাচনী কর্মী মোঃ সুজনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।
ভুক্তভোগী সালেহ আহমেদ শিপন জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে “মেসার্স আহমেদ কনস্ট্রাকশন”-এর উদ্যোগে পরিচালিত সড়ক নির্মাণ কাজের অংশ হিসেবে গত ৫ এপ্রিল বিকালে তিনি সর্বহারা চেয়ারম্যানের পোল থেকে ভূঁইয়া বাড়ি পর্যন্ত পাকা সড়কের ওপর স্থাপিত অবৈধ বেড়া অপসারণের জন্য বললে-
এ সময় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, পরে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পান।
আহত অবস্থায় তাকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শরীরে গুরুতর আঘাতের সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর দাবি, এটি একটি পরিকল্পিত হামলা এবং সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়ার সুস্পষ্ট অপচেষ্টা। তিনি অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ন্যায়বিচারের দাবি জোরালো হয়েছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানা পুলিশ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে গত ৬ এপ্রিল থেকে অভিযান চালিয়ে অবশেষে ৯ এপ্রিল ২০২৬ তারিখে প্রধান আসামি স্বতন্ত্র নির্বাচনী কর্মী মোঃ সুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।