
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীতে জেলা প্রশাসক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ২১ জুলাই ২০২৬ তারিখে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এর যৌথ উদ্যোগে নাগরিকতা–সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন “সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে “নোয়াখালী জেলায় নারীর অংশগ্রহণ, নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচার” বিষয়ক সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও সুবর্নচর উপজেলার জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে লিঙ্গ সমতা, স্বাস্থ্যসেবায় নারীর বৈষম্য, নারীর নিরাপত্তা, জলবায়ু দুর্যোগে নারীর বিপন্নতা ও সামাজিক ন্যায় বিচারের চ্যালেঞ্জ বিষয়ে নাগরিকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার জনাব ডা. মোঃ শেখ ছাদেক; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শান্তনু কুমার দাশ; অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব শুভ দেবনাথ; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন; বিভিন্ন খাতভিত্তিক জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সিটিজেনস গ্রুপের সদস্যবৃন্দ।
সভায় সামাজিক নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফল উপস্থাপনের পর জেলা প্রশাসকের প্রতিনিধিসহ উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ মনোযোগসহকারে শোনেন। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থাপিত ফলাফল ও সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সুপারিশসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জিএফএ কনসাল্টিং গ্রুপ ও নাগরিকতা কর্মসূচির ডেপুটি টিম লিডার মিজ ক্যাথারিনা কনিগ, ক্যাপাসিটি ডেভলপমেন্ট এক্সপার্ট মিজ শবনব মোস্তারি, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর অতিরিক্ত পরিচালক (ডায়ালগ, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ) জনাব অভ্র ভট্টাচার্য, প্রকল্প পরামর্শক জনাব মোজাহিদুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট জনাব মো: জাওয়াদুল করিম, প্রান এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিজ উম্মে সালমা, নাগরিকতা-সিপিডি-প্রান কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মাহমুদুল হাসান , বিভিন্ন উপজেলার কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিবৃন্দ।