
জাতীয় নিশান প্রতিবেদক: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে সমাবেশে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে এলডিপি কর্মী মো ফরহাদ হোসেনের উপর হামলার অভিযোগ উঠছে। রবিবার (৭ মে) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটিতে ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুরে আমিশাপাড়ায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মো ফরহাদ হোসেনসহ এলডিপি নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে দেওটি ইউনিয়নে পৌঁছালে ফরহাদের উপরে হামলা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আহত মো: ফরহাদ হোসেন জানান, দেওটি পৌঁছানোর পর ৭-৮ জন আওয়ামী লীগ কর্মী আমাকে ঘিরে ধরে। এ সময় মুশফিক আর মামুন নামের দুইজনকে চিনতে পারি। তারা বলে, আমি আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে কথা বলছি ও আন্দোলনে অংশ নিচ্ছি, তাই তোকে বাঁচিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি বৈঠা এবং হকিস্টিক দিয়ে আমাকে বেধড়ক পেটায়। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয়রা উদ্ধার করে সোনাইমুড়ী দি ল্যাব এইড হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল আহমেদ চৌধুরী বলেন, মো ফরহাদ হোসেনের বেশ কয়েক জায়গায় জখম হয়েছে। আমরা রোগী আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসা দিয়েছি। এই মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।