
জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা সৌরভ হাসানের বাড়িতে আবারও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মুখোশধারী ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে ভাঙচুর করে। এ সময় সৌরভ হাসান ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও আহত করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রামের জব্বার সাহেবের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মুখোশ পরা ১০ থেকে ১৫ জন এর একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল সৌরভ হাসানের বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা ঘরের বিভিন্ন স্থানে ভাঙচুর করে এবং সৌরভ হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ পরিবারের সদস্যরা।
একপর্যায়ে তাকে না পেয়ে তার বড় ভাই নুরুন নবী চৌধুরীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরিবারের দাবি, সৌরভ হাসান ২০১৮ সালের ১ জানুয়ারি এলডিপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন। এরপর ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ও বিভিন্ন স্থানে তাকে হুমকি, মারধর ও হয়রানি করা হয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে এসব নির্যাতন ও নিরাপত্তাহীনতার কারণে এখনো পলাতক রয়েছে।
২০২৪ সালে স্থানীয় বাজারে সৌরভ হাসানের বাবা আব্দুর রাজ্জাক কে মারধর ও অপমান করা হয়। পরে ২১ জুলাই ২০২৪ সালে ইন্টারনেট ব্ল্যাকআউট ও কারফিউ চলাকালীন সময়ে সৌরভ হাসানের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।
সর্বশেষ রবিবারের হামলার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এই ঘটনায় তারা প্রশাসনের কোন সহযোগিতা পায়নি।