ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের আইনশৃংখলা বাহিনী কর্তৃক হয়রানি ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে মানববন্ধন করেছে চৌমুহনী মডেল ফারিয়া ও বেগমগঞ্জ ম্যানেজার ফোরাম। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মাববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কেন্দ্রীয় ফারিয়ার ভাইস প্রেসিডেন্ট নজির আহমেদ হারুন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জলিল আহমেদ সহ অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে তুচ্ছ অজুহাতে ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এতে এই পেশায় নিয়োজিত কর্মীদের মান-সম্মান হানি হচ্ছে। হয়রানি ও অপপ্রচার থেকে বিরত থাকতে তারা সকলের প্রতি আহবান জানান। পরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্নারকলিপি দেয়া হয়।