নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছে। রোববার রাতে জেলার বেগমগঞ্জে ও কোম্পানীগঞ্জে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার রাত সাড়ে ৯ টার দিকে নোয়াখালী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান পোল এলাকায় দ্রুত গতির ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সার যাত্রী বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকার আলমগীর চেয়ারমান বাড়ির মারুফ ও তার সাথে থাকা আলাইয়ারপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের হাসান মেম্বার বাড়ির ইমন নিহত হয়। এ সময় সিএনজি অটোরিক্সার ড্রাইভার আহত হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে কোম্পানীগঞ্জে বালু বাহি ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মাইন উদ্দিন নিহত ও ড্রাইভারসহ আরো ৩ জন আহত। রোববার সন্ধ্যায় বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মাইন উদ্দিন পার্শ্ববর্তী কবিরহাট উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তিনি একই উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।