
জাতীয় নিশান প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক জিসান উদ্দিন আবির এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
দুপুরে জেলা শহর মাইজদীর নিজ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক জিসান উদ্দিন আবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার মূখ্য সংগঠক ফরহাদুল ইসলাম।
জিসান উদ্দিন আবির বলেন, জুলা আন্দোলনে আমার সংগঠনের অন্য নেতাকর্মীদের সাথে সামনের সারিতে থেকে আমরা নোয়াখালীতে আন্দোলন করি। ৫ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত আমি মাইজদীতে আন্দোলন করি। দুপুরে হাসিনা পালানোর পর সন্ধ্যা পর্যন্ত আমরা মাইজদীতে আনন্দ মিছিল এবং রাত পর্যন্ত মাইজদীতে অবস্থান করি। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে নামে বেনামে পলাতক আওয়ামী লীগের লোকজন আমাকে একটি দলের লোক ট্যাগ দিয়ে ৫আগস্ট সোনাইমুড়ী থানায় হামলার ঘটনায় আমাকে জড়িয়ে ফেসবুকে পোস্ট করছে। যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তারা ওই পোস্টে মাইজদীতে বিজয় মিছিলের আমার একটি ছবি সংযুক্ত করে অপপ্রচার করছে। সোনাইমুড়ী থানা ও হামলার সাথে আমি জড়িতা না, এ সংক্রান্ত আমার কাছে অনেক তথ্য প্রমাণ, ছবি ও ভিডিও আছে।
এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করার কথা জানান জিসান উদ্দিন আবির।